বরুড়া শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া কুমিল্লা প্রতিনিধিঃ মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের এক ভয়াবহ ও হৃদয়বিদারক অধ্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় বরুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লার বরুড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর সকাল ১১টায় বরুড়া উপজেলা পরিষদ সভাকক্ষে বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি আহসান হাফিজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বরুড়া উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া জামান নিতু, বরুড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম,
বরুড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার,
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মীর, বরুড়া পল্লী সঞ্চয় ব্যাংক ব্যাংক ম্যানেজার মোঃ শাহাদাত হোসেন, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সলিল বিশ্বাস, সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ ইকরামুল হক।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর ও আলশামস বাহিনী সুপরিকল্পিতভাবে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। শিক্ষক, লেখক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক ও সংস্কৃতিকর্মীদের হত্যা করার মধ্য দিয়ে সদ্য স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে মেধাশূন্য ও দিশাহীন করে দেওয়াই ছিল এই নৃশংস হত্যাকাণ্ডের মূল লক্ষ্য।
তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ের এক ভয়াবহ অধ্যায়। স্বাধীনতার সূর্যোদয়ের ঠিক আগমুহূর্তে জাতির চিন্তা, বিবেক ও নেতৃত্বের ভিত্তিকে ধ্বংস করতেই এই পরিকল্পিত হত্যাযজ্ঞ চালানো হয়েছিল।
বক্তারা গভীর শোক, বেদনা ও শ্রদ্ধার সঙ্গে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে বলেন, প্রতিবছর ১৪ ডিসেম্বর জাতি তাঁদের আত্মত্যাগ স্মরণ করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে অঙ্গীকারাবদ্ধ হয়। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ, দেশপ্রেম ও ত্যাগের চেতনা লালন করেই একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































